বিচারকের মৃত্যুর ঘটনায় চার আসামি ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে (৪৭) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুঁইঞা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এই চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে তাঁরা পুলিশের কাছে মুখ খোলেননি।
আদালত আদেশে বিচারকের স্ত্রী দাবিদার সানজিদা আক্তার, তাঁর মা লাকী আক্তার ও ভাই ইমরানের পাঁচ দিনের এবং বাসার গৃহপরিচারিকা রিমা আক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিচারক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ গ্রেপ্তার চার আসামিকে ফের জিজ্ঞাসাবাদ করতে আট দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। শুনানি শেষে আদালত গৃহপরিচারিকা রিমা আক্তারের দুই দিন এবং বাকি তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নগরের হালিশহর মোল্লাপাড়া এলাকার একটি বাসায় বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ আত্মহত্যা করেছেন দাবি করে দুই নারী তাঁকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বিচারককে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশের সন্দেহ হলে সানজিদা আক্তার ও লাকী আক্তার নামের দুই নারীকে হাসপাতাল থেকে পুলিশ আটক করে। এরপর আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হালিশহর থানার এসআই মুকুল মিয়া বাদী হয়ে সানজিদা, তাঁর বাবা নাছির উদ্দিন, মা লাকী, ভাই ইমরান ও গৃহপরিচারিকা রিমাকে আসামি করে হত্যা মামলা করেন।