বিচারকের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ
চট্টগ্রামে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ (৪৭) নামের এক বিচারকের মৃত্যুর দুই মাস সাত দিন পর কবর থেকে লাশ তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশ তুলতে আদেশে বলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া গত বৃহস্পতিবার আবেদনটি করেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে জানান, একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে কবর থেকে বিচারকের লাশ উত্তোলনের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কাজল কান্তি বড়ুয়া বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশ কিছু ঘাপলা রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য লাশটির পুনরায় ময়নাতদন্ত প্রয়োজন। তাই আদালতে আবেদন জানানো হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে ঢাকার বনানী কবরস্থান থেকে বিচারকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন চট্টগ্রামেও কর্মরত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর নগরের হালিশহরের মোল্লা পাড়ার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ৩০ সেপ্টেম্বর বিচারক আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।