বিচারকের সংকটসহ নানা কারণে বাগেরহাটে মামলাজট, ভোগান্তি
বিচারকের সংকট, মামলার ধার্য তারিখে সাক্ষীর অনুপস্থিতি এবং আইনজীবীদের সময় প্রার্থনা-প্রবণতার কারণে বাগেরহাটের বিভিন্ন আদালতে বিচারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই কারণে সৃষ্টি হচ্ছে মামলাজটের। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন আদালতে ২৫ হাজার ৪৬৬টি মামলা বিচারাধীন ছিল। এগুলো নিষ্পত্তিতে বিলম্ব হওয়ায় বিভিন্নভাবে ভোগান্তি পোহাচ্ছেন বিচারপ্রার্থীরা।বাগেরহাট জজশিপের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম সেলিম জানান, এখানকার আদালতগুলোর জন্য জেলা ও দায়রা জজ পদমর্যাদার দুজন বিচারকসহ বিভিন্ন পদমর্যাদার বিচারকের পদ রয়েছে মোট ২৪টি। এর মধ্যে জেলা, দায়রা জজসহ সহকারী জজের তিনটি পদ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের একটি পদ এবং বিচারিক হাকিমের দুটি পদ শূন্য রয়েছে। বিদেশে প্রশিক্ষণে থাকায় অনুপস্থিত রয়েছেন একজন সহকারী জজ। ফলে মামলার কার্যক্রম ব্যাহত হচ্ছে।বাগেরহাট আদালতের বার্ষিক সংক্ষিপ্ত পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ২০০৯ সালের শুরুতে এখানকার আদালতে বিচারাধীন মামলা ছিল ৩৩ হাজার ৮৩৮টি। ওই বছর নতুন করে দাখিল হয় আরও ২০ হাজার ৪৭৭টি এবং নিষ্পত্তি হয় ২৮ হাজার ৪৪৭টি। ২০১০ সালের শুরুতে এখানকার আদালতে বিচারাধীন মামলা ছিল ২৫ হাজার ৮৬৮টি এবং এ বছর নতুন হয়েছে ১৬ হাজার ৮৬৪টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৭ হাজার ২৬৬টি মামলা।পরিসংখ্যানে দেখা গেছে, দেওয়ানি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বেশি। নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি ফৌজদারি আদালতে। তবে এককভাবে সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি হয়েছে বিচারিক হাকিম আদালতগুলোয় এবং সবচেয়ে কম মামলা নিষ্পত্তি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ-ই-আলম বাচ্চু জানান, বাগেরহাট আদালতে মামলার ভিড়ের প্রধান কারণগুলো হচ্ছে বিচারকের সংকট, মামলার ধার্য তারিখে সাক্ষীর অনুপস্থিতি এবং আইনজীবীদের সময় প্রার্থনার প্রবণতা। বিচারক বাড়ানোর পাশাপাশি অন্য দুটি সমস্যা গুরুত্বের সঙ্গে সমাধান করতে পারলে এই আদালতে বিচারপ্রার্থীরা সংক্ষিপ্ত সময়ে সুবিচার পাবেন।বাগেরহাটের সদ্য বিদায় নেওয়া জেলা ও দায়রা জজ জি এম সালাহ উদ্দিন প্রথম আলোকে জানান, বাগেরহাট জেলায় মামলা দায়েরের প্রবণতা রয়েছে। প্রতিবছর এখানকার আদালতে গড়ে ১০ হাজারের বেশি নতুন মামলা আসে। বিচারকের শূন্য পদগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত ও যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার আরও চারটি পদ সৃষ্টি করা গেলে এখানকার বিচারপ্রার্থীদের আরও সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে।বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহফুজা খানম বলেন, আদালত মামলার অভিযোগপত্র নেওয়ার পর শুনানি করতে গিয়ে বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে খুঁজে পান না। বাদী-বিবাদীরা আদালতের বাইরে মীমাংসা করে আদালতে হাজির হওয়া বন্ধ করে দেন। ফলে সাক্ষ্য নিতে বিলম্ব হয়। আবার সাক্ষ্য দিতে এসে তাঁরা সত্য গোপন করেন। ফলে আসামি অব্যাহতি পেয়ে যায়।