বিচারকের সংখ্যা তিন গুণ করার সুপারিশ সংসদীয় কমিটির
মামলাজট দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ ও নিম্ন আদালতে বিচারকের সংখ্যা এক হাজার ৭০০ থেকে পাঁচ হাজারে উন্নীত করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া বিচারব্যবস্থার আধুনিকায়নে বাজেটে বরাদ্দ বাড়ানোসহ মোট ২৩ দফা সুপারিশ করেছে কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
সুপারিশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা সঠিকভাবে অনুসরণ করার তাগিদ৷ এই ধারা অনুযায়ী, থানায় আটক কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ২৪ ঘণ্টার মধ্যে শেষ না হলে তাকে অবিলম্বে আদালতে হাজির করতে হয়৷
আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২৩ দফা প্রস্তাব সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করেছিলেন। পরে তা কমিটির পক্ষ থেকে সুপারিশ আকারে মন্ত্রণালয়কে দেওয়া হয়।
২৩ দফা সুপারিশে বলা হয়েছে, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিচারক ও কর্মকর্তা-কর্মচারীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে হবে। জেলা জজকে মাসিক সভা নিয়মিত করা এবং বিচারব্যবস্থাকে ডিজিটালপদ্ধতির আওতায় আনতে হবে। এ ছাড়া দেওয়ানি কার্যবিধি অনুযায়ী প্রথম দিনেই মামলার শুনানি করে তা চলমান রাখা এবং সময়মতো সমন জারির ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কমিটি ২৩ দফা সুপারিশ করেছে। মামলাজট নিরসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে। সুপারিশ বাস্তবায়ন করতে হবে ধাপে ধাপে।
বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, সাংসদ তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, শামসুল হক, আবদুল মজিদ খান ও তালুকদার মো. ইউনুছ অংশ নেন। এ ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিআইডিএসের পরিচালক জায়েদ বখ্ত ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।