বিচারকের সঙ্গে অশোভন আচরণ, আইনজীবীকে সাজা
বিচারকের সঙ্গে অশোভন আচরণ করায় ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামকে পাঁচ দিনের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ নুরুন্নাহার বেগম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গতকাল বুধবার নুরুন্নাহার বেগম একটি মামলার রায়ে জাহিদ হোসেন বাবু নামের এক আসামিকে আট মাসের সাজা দেন ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। ওই মামলার আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম।
আদালতের কর্মচারীরা বলেন, আজ সকালে সাইফুল ইসলামসহ তিনজন আইনজীবী বিচারকের খাস কামরায় গিয়ে ওই রায়ের বিষয়ে জানতে চান। এ নিয়ে বিচারকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল অশোভন আচরণ করলে বিচারক তাঁকে সাজা দেন।
পরে ঢাকার আইনজীবী সমিতি থেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিচারকের সঙ্গে আইনজীবীদের আলোচনা চলছিল।