২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি আবদুল হান্নানের জবানবন্দি গ্রহণকারী এক বিচারকের সাক্ষ্য প্রত্যাহার চেয়ে আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ আগামী সোমবার আদেশের দিন ধার্য করেছেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুর কাদের। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত দুটি মামলায় ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর মুফতি হান্নান দ্বিতীয় দফায় আদালতে জবানবন্দি দেন। কিন্তু আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আইনগতভাবে তা গ্রহণ করতে পারেন না। ঢাকার তৎকালীন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনে দ্বিতীয় দফায় মুফতি হান্নানের জবানবন্দি গ্রহণ করেন। কিন্তু তিনি হত্যা মামলায় জবানবন্দি গ্রহণ করেননি। তবে দুটি মামলায়ই সাক্ষ্য দেন। এ বিষয়ে আপত্তি তোলা হয়েছে।মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, মুফতি হান্নানের আবেদনের ওপর শুনানি শেষে আদালত সোমবার আদেশের দিন ধার্য করেছেন। গত ৩ ফেব্রুয়ারি হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ২১ আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় সাক্ষ্য দেন।