বিচারকের সিল স্বাক্ষর জাল, এক ব্যক্তির ১৩ দিন কারাভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বিচারিক হাকিমের স্বাক্ষর ও সিল জাল করে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় এক ব্যক্তিকে ১৩ দিন কারাভোগ করতে হয়েছে। ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া। তাঁর বাবার নাম হারুন-অর-রশিদ। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে। গোলাম কিবরিয়া গত ৩০ জুলাই ওই ভুয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁর অভিযোগ, তিনি একটি প্রতারণা মামলার সাক্ষী। ওই মামলার আসামি চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। মনিরের যোগসাজশে বরিশাল মুখ্য বিচার হাকিম আদালতের একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। অনুসন্ধানে জানা যায়, ভুয়া একটি মামলা সাজিয়ে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক তসলীম শরীফের স্বাক্ষর ও সিল জাল করে একটি চক্র মেহেরপুরের গোলাম কিবরিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে বরিশাল পুলিশ এই পরোয়ানা তামিলের জন্য গত ১ জুন মেহেরপুর পুলিশের কাছে পাঠায়। পরে পুলিশ গত ১৮ জুলাই কিবরিয়াকে গ্রেপ্তার করে কারাগারের পাঠিয়ে দেয়। গত ২১ জুলাই বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ তসলীম শরীফের আদালতে বন্দী কিবরিয়ার পক্ষে জামিন প্রার্থনা করলে আদালত এই মামলার কোনো অস্তিত্ব খুঁজে পাননি। পরে দেখা যায়, বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া মামলা দেখিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ কারণে মামলা থেকে আদালত কিবরিয়াকে মুক্তি দেন।