বিচারকের স্থায়ী নিয়োগের রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদ পড়া অতিরিক্ত বিচারক এবিএম আলতাফ হোসেনের স্থায়ী নিয়োগ চেয়ে করা রিট শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন।

আদালতে স্থায়ী নিয়োগ না পাওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি এবিএম আলতাফ হোসেন রিট আবেদনটি করেন।

আজ এবিএম আলতাফ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

সালাহউদ্দিন দোলন প্রথম আলোকে বলেন, বেঞ্চের এক বিচারপতি শুনানিতে বিব্রত বোধ করেছেন। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি বিষয়টি অন্য কোনো বেঞ্চে পাঠাবেন।

সালাহউদ্দিন বলেন, এবিএম আলতাফকে স্থায়ী বিচারপতি করতে প্রধান বিচারপতি সুপারিশ করেছিলেন। কিন্তু তা অনুসরণ করা হয়নি।

২০১২ সালের ১৩ জুন দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে এবিএম আলতাফ হোসেনকে নিয়োগ দেওয়া হয়। শপথগ্রহণের দিন থেকে ওই নিয়োগ কার্যকর হবে বলে বলা হয়। পরের দিন আলতাফ হোসেনসহ ছয়জন হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেন।

চলতি বছরের ৯ জুন রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ওই ছয় বিচারপতির মধ্যে এবিএম আলতাফকে ছাড়া পাঁচ বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পাঁচ বিচারপতি হলেন বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।