বিচারকের স্বাক্ষর জাল পেশকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়ে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৪-এর স্বাক্ষর জাল করে একটি মামলা খারিজের আদেশ তৈরির অভিযোগে ওই আদালতের পেশকার স্বপন মিয়া ও জেলা পারিবারিক আদালতের পেশকার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে সদর থানায় একটি প্রতারণা ও মারধরের মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ মঙ্গলবার রাতে পেশকার স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফারুক হোসেন দফাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাছ কাটার অভিযোগে ২০১০ সালে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা হয়। ওই মামলাটি খারিজ করে দেওয়ার জন্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৪-এর আদালতের পেশকার স্বপন মিয়া ও পারিবারিক আদালতের পেশকার ইব্রাহিম খলিল ৩৮ হাজার টাকা ঘুষ নেন। এরপর গত ১৬ জুন বিচারিক হাকিমের স্বাক্ষর জাল করে তাঁরা একটি খারিজ আদেশ আসামি ফারুক দফাদারকে দেন। ফারুক দফাদার মামলা খারিজ হয়ে যাওয়ায় আর আদালতে হাজিরা দেননি। আসামি হাজিরা না দেওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ফারুক দফাদার জানতে পারেন ওই আদেশ ভুয়া। এরপর তিনি আদালতে হাজিরা দিয়ে আবার জামিন নেন। গত রোববার রাতে তিনি ঘুষ বাবদ দেওয়া ৩৮ হাজার টাকা ফেরত চাইতে ইব্রাহিম খলিলের শহীদ স্মৃতি সড়কের বাসায় যান। সেখানে এ নিয়ে ইব্রাহিম খলিল ও স্বপন মিয়ার সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয় এবং একপর্যায়ে তাঁরা ফারুককে বেদম মারধর করেন।

এ ঘটনায় ফারুক দফাদার বাদী হয়ে মারধর ও প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে বরগুনা থানায় একটি মামলা করেন। এতে স্বপন মিয়া, ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী লাইলী বেগমকে আসামি করা হয়। মামলার পর বরগুনা থানার পুলিশ স্বপন মিয়াকে ওই রাতেই গ্রেপ্তার করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, পেশকার স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।