বিচারকেরা এখন চেহারা দেখে বিচার করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘উচ্চ আদালতে আইনের শাসন নেই। বলতে লজ্জা করে। হাইকোর্টে আজকাল বিচারকেরা বাদী, বিবাদী আর আইনজীবীর চেহারা দেখে বিচার করেন। এর কারণ, বেশির ভাগ বিচারক রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছেন। নিরপেক্ষ বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত এ সমস্যা চলতে থাকবে।’গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে রফিক-উল হক এ কথা বলেন। তিনি বলেন, এক-এগারোর ঘটনার পর উকিলদের ফি বেড়ে গেছে। লাখ টাকার নিচে তাঁরা কথাই বলেন না। সাধারণ মানুষ এসব উকিলের সঙ্গে কথা বলারও সাহস পায় না।‘এক্সেস টু জাস্টিস: আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক রবিউল ইসলাম বলেন, র‌্যাব ও পুলিশের বিরুদ্ধে মানুষ গুম করার অভিযোগ আসছে কমিশনে। এ বিষয়ে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েও পাচ্ছে না। র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, চরম প্রতিকূলতার মধ্যে র‌্যাব ও পুলিশকে কাজ করতে হয়। তাদের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশি। কিন্তু বাস্তবতা ভিন্ন। আবেগ দিয়ে কাজ হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, ‘অপরাধ-সম্পর্কিত ঘটনায় ডাক্তারি সনদ দেওয়ার জন্য ডিএমসিতে একটি চক্র গড়ে উঠেছে। মামলা পোক্ত করতে কেউ কেউ এসব সনদ নিয়ে থাকে।’সেমিনারের সঞ্চালক ছিলেন বিএইচআরএফের নির্বাহী পরিচালক এলিনা খান। সেমিনারে নারী ও শিশু অধিকার লঙ্ঘনের ঘটনায় আলামত সংরক্ষণ, দ্রুত মেডিকেল পরীক্ষা, উপযুক্ত ধারায় মামলা, বিচারের সময় ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা এবং ধর্ষণ মামলায় নির্যাতিতের সাক্ষ্য ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে গ্রহণ করাসহ ১২ দফা সুপারিশ করা হয়।