বিচারকেরা বসেন পালা করে, দাপ্তরিক কাজ বারান্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় কক্ষ এবং লোকবল সংকটে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জেলার ১৩টি এজলাসের বিচারকাজ চলছে মাত্র ছয়টি কক্ষে। এতে বিচারকেরা রাত পর্যন্ত পালা করে আদালতে বসতে বাধ্য হচ্ছেন। দাপ্তরিক কাজ চলছে আদালতের খোলা বারান্দায়। ১৩ জন বিচারক থাকার কথা থাকলেও আছেন সাতজন। অন্যদিকে ৯৮ জন কর্মচারীর থাকার কথা থাকলেও কর্মরত আছেন ১৮ জন।আদালত সূত্র বলেছে, স্থান ও লোকবলের অভাবে মামলাজট বাড়ছে। বিচারপ্রার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। জানা গেছে, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর ২০০৭ সালের ১ নভেম্বর ১২ হাজার বিচারাধীন মামলার দায়ভার নিয়ে শুরু হয় কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতের কাজ। বিচারকদের জন্য প্রয়োজনীয় কক্ষ ও আদালতে যথাযথ লোকবল না থাকায় শুরুতেই হোঁচট খায় বিচারকাজ। সূত্র জানিয়েছে, মুখ্য বিচারিক হাকিমসহ ১৩ জন বিচারক থাকার কথা, অথচ আছেন সাতজন। সহকারী হাকিম, মুখ্য বিচারিক হাকিম, একজন প্রথম শ্রেণীর, দুইজন দ্বিতীয় শ্রেণীর ও দুইজন তৃতীয় শ্রেণীর হাকিমের পদ দীর্ঘদিন ধরে শূন্য। কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মামলা পরিচালনার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের ছয়টি কক্ষে পালা করে বসতে হয় সাতজন বিচারককে। আদালতের জন্য ৯৮ জন কর্মচারীর থাকার কথা থাকলেও ৮০টি পদই শূন্য রয়েছে। সূত্র জানায়, একজন বিচারককে একই এজলাসে তিন থেকে চারটি আদালতের বিচারকাজ পরিচালনা করতে হচ্ছে। এটা করতে গিয়ে প্রায় প্রতিদিনই রাত হয়ে যায়। এ কারণে কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থীদের। ভৈরব উপজেলার রমিজ উদ্দিনসহ একাধিক মামলার কয়েকজন আসামির সঙ্গে কথা হলে তাঁরা জানান, তাঁরা ফৌজদারি মামলায় কয়েক বছর ধরে হাজিরা দিচ্ছেন। কারও কারও অভিযোগের বিষয় সামাজিকভাবে নিষ্পত্তি হয়ে গেলেও আদালত ঠিকমতো না বসায় এখনো তাঁদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে আদালতের বারান্দায়। খোঁজ নিয়ে জানা গেছে, গত মে মাস পর্যন্ত বিচারিক হাকিম আদালতে ১১ হাজার ১৮৩টি মামলা বিচারাধীন ছিল। মে মাসে নিষ্পত্তি হয় ৯৭১টি। একই মাসে নতুন মামলা হয় আরও নয় শতাধিক। আদালতের নাজির মো. সোহরাব আলী জানান, স্থানের অভাবে আদালতের বারান্দায় দাপ্তরিক কাজ করতে হচ্ছে কর্মচারীদের। সেখানে অরক্ষিত অবস্থায় পড়ে আছে মামলার নথিপত্র। কিশোরগঞ্জ জেলা আইনজীবীর সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস বলেন, গত ২৬ মে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কিশোরগঞ্জে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে এলে তিনি আইনজীবীদের পক্ষ থেকে এসব সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে বলে তাঁদের আশ্বাস দেন।