সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি
বিচারকেরা স্বাধীন, তবে তা নির্ভর করে ব্যক্তিমানসিকতার ওপর
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সংবিধান ও আইন অনুযায়ী বিচারকদের কাজ করতে হয়। এর আলোকে ম্যাজিস্ট্রেট থেকে শুরু হরে উচ্চ আদালত পর্যন্ত দেশের সব বিচারক বিচারকাজ পরিচালনায় স্বাধীন। তবে একজন বিচারক কীভাবে বিচার পরিচালনা করবেন, সেটা ব্যক্তিমানসিকতার ওপর নির্ভর করে। গতকাল শনিবার নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এতে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন। প্রধান বিচারপতি বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। এই পেশার চালিকাশক্তি হচ্ছে সততা ও জ্ঞান। একজন আইনজীবীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করা। আইনজীবী দক্ষ হলে ন্যায়বিচার নিশ্চিত হতে পারে। তিনি আরও বলেন, দক্ষতা, যোগ্যতা ও সততার সঙ্গে এ পেশায় নিয়োজিত হতে হবে। বিশেষ করে নারী, শিশু, সুবিধাবঞ্চিত ও অসহায় বিচারপ্রার্থীদের পক্ষে কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে।প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেন। এ কাজে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এডিআর ব্যবস্থার কারণে আইনজীবীদের ক্ষতিগ্রস্ত হওয়ার ধারণা ভুল। সমাজে শান্তি বজায় রাখতে এই ব্যবস্থার ওপর জোর দিতে হবে। নবীনদের সততার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ পেশায় যোগ্যতার প্রমাণ দিতে নিজেকে সৎ রেখে কাজ করতে হবে। বিচারকদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তিনি বলেন, ‘আজ সমাজে সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতার। কিন্তু এখন নৈতিকতার চরম অবনতি ঘটেছে। এখন একজন আরেকজনের ঘাড়ে পা দিয়ে ওপরে উঠতে চায়।’ ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, আইন অনুযায়ী বিচারপ্রার্থীদের জন্য বিচার নিশ্চিত করা আইনজীবীদের দায়িত্ব। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করাও তাঁদের দায়িত্ব। তিনি বলেন, এখনো নিম্ন আদালতের বিচারকদের জন্য পে-কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি। হয়নি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ও। তিনি বলেন, ‘নিম্ন আদালত নিয়ন্ত্রণ করছে আইন মন্ত্রণালয়। এটা হলে বিচার বিভাগ প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে না।’বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশের (ঢাকার বাইরে) এক হাজার ৩৬৯ জন আইনজীবীকে সনদ দেওয়া হয়।