বিচারক-সংকটের কারণ মন্ত্রণালয়ের অসহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

দেশে বিচারক-সংকট রয়েছে মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে যথেষ্টসংখ্যক বিচারক নিয়োগ দেওয়া যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ওপর কোনো চাপ নেই। আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থীরা সবাই সমান। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি অথবা কে জামায়াত তা বিচারকের কাছে মুখ্য নয়। বিচারপ্রার্থী হিসেবে যাঁর যা রায় হবে সেটাই তাঁকে দিতে হবে। এভাবেই বিচারকদের প্রতি যে আস্থা আছে তা রক্ষা করতে হবে।
পুরোনো আমলের কিছু আইনে ‘মরিচা ধরেছে’ মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, এসব আইন এখন অকার্যকর।
সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, মামলা কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ডিজিটালের যুগ। আদালতের কাজ ডিজিটালাইজড করা হবে। আরজি, জবাব ও হাজিরাসহ দৈনন্দিন কাজ অনলাইনে করা হবে। সাক্ষীদের
বসা ও বিশ্রামের জন্য বিশেষ করে নারী সাক্ষীদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হবে। এসব কাজের জন্য ইতিমধ্যে উদ্যোগও নেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জোয়ার্দার আমিরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম হায়দার প্রমুখ। এর আগে প্রধান বিচারপতি জেলা জজশিপ ও বিচারিক হাকিম আদালতসমূহ পরিদর্শন করেন।