বিচারপতি অপসারণ বিষয়ে আইনি শূন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন করে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অপসারণের প্রস্তাব ও অভিযোগ তদন্তের পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য কোনো আইন এখনো হয়নি। সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, এর ফলে এ নিয়ে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। কারণ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত হয়ে গেছে। আবার সংবিধানে বিধান যুক্ত করা হলেও এখনই তা প্রয়োগযোগ্য নয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিন মাসের মধ্যেই আইন করা হবে। তবে এর আগেই যদি জরুরি প্রয়োজন পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তা করা হবে। আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন শাহদীন মালিক। তাঁর মতে, এই আইন প্রণয়ন খুবই জটিল হবে।
গত বুধবার জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এর মধ্য দিয়ে ৪০ বছর পর সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা আবার সংসদের হাতে ফিরে যায়। এর আগেও দুবার বিচারপতি-দের অপসারণের ক্ষমতা হাতবদল করা হয়েছে। ১৯৭২ সালের প্রথম সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলেও এ-সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়নি। পঁচাত্তরের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতি-দের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। ১৯৭৮ সালে সামরিক ফরমানবলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর বিচারপতিদের অপসারণের ক্ষমতা ন্যস্ত করা হয়, যা গঠন করা হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে।
বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আমীর-উল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যত দিন না আইন প্রণয়ন করা হবে, তত দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিষয়ে শূন্যতা থেকে যাবে। কারণ, আইন না হলে সংবিধানের এই বিধান কার্যকর করা যাবে না।
ষোড়শ সংশোধনী বিলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে দফা ২-এ বলা হয়েছে, প্রমাণিত ও অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠ সদস্যের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করা যাবে। ৩ দফায় বলা হয়েছে, সাংসদদের প্রস্তাব-সম্পর্কিত এবং বিচারকদের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বলা আছে, প্রস্তাব-সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের বিষয়ে তদন্ত ও প্রমাণের পদ্ধতির জন্য আইন করতে হবে। অর্থাৎ আইন না করা পর্যন্ত কোনো বিচারপতির বিরুদ্ধে ৯৬ অনুচ্ছেদ অনুসারে কার্যক্রম হাতে নেওয়া যাবে না। সাংবিধানিক পদধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মো. আবদুর রশিদও একই ধরনের মত দেন। তিনি বলেন, বিচারকদের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি আইন দ্বারা নির্ধারিত না হওয়া পর্যন্ত ৯৬ অনুচ্ছেদের দ্বিতীয় দফা কার্যকর হচ্ছে না। অর্থাৎ যতক্ষণ না আইন হচ্ছে, ততক্ষণ বিচারপতিদের অপসারণের সংশোধিত বিধান কার্যকর হচ্ছে না।
তবে আইনজ্ঞ শাহদীন মালিক মনে করেন, দুটি কারণে আইন প্রণয়ন করা খুবই জটিল। প্রথমত, কারও বিরুদ্ধে অভিযোগের তদন্ত করাতে গেলে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকে দিয়ে তদন্ত করাতে হবে। রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাওয়া কঠিন হবে।
দ্বিতীয়ত, সংবিধানের ১৪৭(২) অনুচ্ছেদ অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারকদের কার্যভারকালে তাঁর পারিশ্রমিক, বিশেষ অধিকার ও কাজের অন্যান্য শর্তের এমন তারতম্য করা যাবে না, যা তাঁর জন্য অসুবিধাজনক হবে। এর ব্যাখ্যা দিয়ে শাহদীন মালিক বলেন, যখন সুপ্রিম কোর্টের বিচারকেরা চাকরিতে ঢুকেছিলেন, তখন তাঁরা জানতেন তাঁদের অপসারণের পদ্ধতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কিন্তু এখন সংশোধনীর মাধ্যমে চাকরির সেই শর্ত পরিবর্তন করা হয়েছে, যা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।