বিচারপতি অপসারণে রাষ্ট্রপতির আদেশ আপিলে বহাল
২০০৪ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ করে দেওয়া রাষ্ট্রপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন।
২০০৩ সালের অক্টোবরে আইনজীবীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শাহিদুর রহমানের বিরুদ্ধে ‘পেশাগত অসদাচরণের’ অভিযোগ প্রকাশ্যে আনেন। শাহিদুর রহমানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসের অভিযোগ ছিল। পরে এ অভিযোগ তদন্ত করেন তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষে কাউন্সিল শাহিদুর রহমানকে অপসারণের সুপারিশ করে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রতিবেদন দেয়।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওই সুপারিশের ভিত্তিতে ২০০৪ সালের ২০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদ থেকে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ দেন। ওই দিন তাঁকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরে রাষ্ট্রপতির ওই অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি শাহিদুরের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। আপিল বিভাগে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। শাহিদুর রহমান নিজের পক্ষে শুনানি করেন।