বিচারপতি আনোয়ারুল হক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কাল শুক্রবার জুমার নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি জানান, আনোয়ারুল হক ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। ৫ জুলাই সিঙ্গাপুর ক্যানসার হাসপাতাল থেকে তাঁকে দেশে আনা হয়। এরপর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

বিচারপতি আনোয়ারুল হক ১৯৫৬ সালের ১ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালের ১৫ নভেম্বর তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৮১ সালে ১ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯৯৭ সালের ১৩ জুলাই জেলা ও দায়রা জজ হিসেবে তিনি পদোন্নতি পান। ২০১০ সালের ১২ ডিসেম্বর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (চলতি দায়িত্ব) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর ২০১২ সালের ১০ ডিসেম্বর আনোয়ারুল হক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই বছরের ২৫ মার্চ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিযুক্ত হন। পুনর্গঠনের পর ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে ২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়।