বিচারপতি আলতাফের রিট শুনানিতে বিব্রত এক বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে সাবেক অতিরিক্ত বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের করা রিট আবেদনের ওপর শুনানিতে বিব্রত বোধ করেছেন অবকাশকালীন দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বিব্রত হওয়ার কথা জানান।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, একজন বিচারপতি রিট আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেন। এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি পরবর্তী সময়ে শুনানির বিষয়ে পদক্ষেপ নেবেন।
গত মাসে এ বি এম আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান একটি রিট করেন। অবকাশ শেষে তা শুনানির জন্য রয়েছে। এ অবস্থায় এ বি এম আলতাফ হোসেন নিজে ওই রিটটি করেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন দোলন।
২০১২ সালের ১৩ জুন এ বি এম আলতাফ হোসেনসহ ছয়জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। শপথগ্রহণের দিন থেকে ওই নিয়োগ কার্যকর হবে বলা হয়। পরদিন তাঁরা শপথ নেন। গত ৯ জুন তাঁদের মধ্যে পাঁচজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন এ বি এম আলতাফ হোসেন।