কাদের মোল্লার মামলার বিচারপতির গ্রামের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিচারপতির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদানকারী আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চের অন্যতম ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা করে এসে বিচারপতি এস কে সিনহার বাড়িতে আগুন দেয়। দুর্বৃত্তরা পাকা ঘরের উত্তর দিকের দেয়াল ও জানালা এবং পূর্ব দিকের বারান্দায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন আগুন দেখে ছুটে যান। তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বারান্দায় থাকা দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। পরে কমলগঞ্জ থেকে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিভিয়ে ফেলায় বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে বাড়িটি রক্ষা পেয়েছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি দা উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. তোফায়েল আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে। তবে গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে পুলিশ পাহারা ছিল না।

গ্রামবাসী জানায়, চুরি-ডাকাতি ঠেকাতে পালাক্রমে ১৭-১৮ জনের একটি দল প্রতি রাতে গ্রাম পাহারা দিয়ে থাকে। আজ ভোরে পাহারাদাররা বাড়ি চলে যাওয়ার পরই দুর্বৃত্তরা এসে ওই বাড়িটিতে আগুন দিয়েছে।

এস কে সিনহার ঘরের পাশে থাকেন তাঁর ছোট ভাই ব্যাংক কর্মকর্তা নীলমণি সিংহ। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি আমার ঘরের ভেতর থেকে আগুন দেখে প্রথমে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেছি। ঘরের বাইরে এসে দেখি তিনজন লোক বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে।’

নীলমণি সিংহ জানান, চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এলাকাবাসীর কাছ থেকে তিনি শুনেছেন, তিনটি মোটরসাইকেলে নয়জন এবং একটি সিএনজিচালিত অটোরিকশা করে দুর্বৃত্তরা এসেছিল। লোকজন ছুটে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহাররঞ্জন নাথ প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুর্বৃত্তরা বাইরে থেকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। ঘটনাটি কে বা কারা করছে, তা বের করার চেষ্টা করছি।’

নীহাররঞ্জন নাথ জানান, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে পুরো উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও রেললাইনে ভ্রাম্যমাণ পুলিশের টহল জোরদার করা হয়েছিল। কিন্তু জনবল সংকটের কারণে বিচারপতির বাড়িতে পুলিশ দেওয়া যায়নি।

গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশের রায় প্রদান করেন।

বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন।