বিচারপতি কামাল উদ্দিন ছিলেন বিচারাঙ্গনের উজ্জ্বল বাতিঘর
প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও সাবেক আইন কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন হোসেন আইন ও বিচারাঙ্গনের উজ্জ্বল বাতিঘর। তিনি ছিলেন একজন প্রশান্ত মানুষ। তাঁর জীবন-কর্ম বিচারসংশ্লিষ্ট মানুষসহ সবার জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি, পাণ্ডিত্য অনুসরণ করতে পারলে তাঁর প্রতি জানানো হবে সত্যিকার শ্রদ্ধাঞ্জলি।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত বিচারপতি কামাল উদ্দিন হোসেনের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আইন কমিশন ওই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি বিচারপতি কামাল উদ্দিন হোসেনের ছিল গভীর বিশ্বাস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ব্যক্তি।
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল বলেন, কামাল উদ্দিন হোসেন কোনো দিন উচ্চস্বরে কথা বলেননি। চমৎকার গুছিয়ে কথা বলতেন। আইনজ্ঞ ও বিচারক হিসেবে মনটা আবদ্ধ রাখেননি, দৃষ্টি প্রসারিত করেছিলেন।
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, বিচারপতি কামাল উদ্দিন গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁর মতো ব্যক্তি পাওয়া যাবে না।
কমিশনের সচিব হাছিনা রওশন জাহানের সঞ্চালনায় স্মরণসভায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।