বিচারপতি খাদেমুল ইসলামকে সরিয়ে দেওয়ার দাবি
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য জেলা নাগরিক সমাজ। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে নাগরিক সমাজের ব্যানারে গতকাল মঙ্গলবার রাঙামাটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানানো হয়। এর আগে সংগঠনটির পক্ষ থেকে খাদেমুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে শহরে মিছিল ও সমাবেশ এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ভূমি কমিশন চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে। রাঙামাটি শহরের বনরূপার একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাঙামাটি জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খিসা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোমাং রাজার প্রতিনিধি রাজ কুমার চহ্লা প্রু জিমি, রাঙামাটি জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, বম সোশ্যাল কাউন্সিলের সাবেক সভাপতি জুমরিয়ান আমলাই প্রমুখ।লিখিত বক্তব্যে পার্বত্যচুক্তির সঙ্গে সংগতি রেখে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের যথাযথ সংশোধন, আইন সংশোধন ও কার্যবিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের কার্যক্রম স্থগিত রাখা, কমিশনের সচিব পদে একজন আদিবাসী কর্মকর্তাকে নিয়োগ এবং কমিশনে নিয়োগের ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া, আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং পার্বত্য ভূমি কমিশনকে স্বাধীন কমিশন হিসেবে শক্তিশালী করার দাবি জানানো হয়।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভূমি কমিশনের চেয়ারম্যান তাঁর কার্যক্রমের কারণে আদিবাসী জনগণের আস্থা হারিয়েছেন বলে উল্লেখ করা হয়। অভিযোগ করা হয়, খাদেমুল ইসলাম চৌধুরী কমিশনের আইন অনুযায়ী সভা না ডাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও তিন সার্কেল-প্রধানদের (রাজা) মতো গুরুত্বপূর্ণ সদস্য সভায় উপস্থিত থাকেন না।