বিচারপতি খায়রুল সম্পর্কে খালেদার বক্তব্য রাজনৈতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ বি এম খায়রুল হককে নিয়ে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। একজন সাবেক প্রধান বিচারপতির বিষয়ে কথা বললে আদালত অবমাননা হয় কি না, এটা আদালতের ওপর ছেড়ে দেওয়া উচিত। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। এ বি এম খায়রুল হককে ‘বহুল আলোচিত’ ও ‘বিতর্কিত’ আখ্যায়িত করে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘উনি প্রধান বিচারপতি হিসেবে সাত মাস দায়িত্বে ছিলেন। এ সময় তিনি গণমাধ্যমে অনেক বক্তব্য দিয়ে আচরণবিধি (কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিনি ১০ লাখ টাকা নিয়েছেন। কল্যাণ তহবিল থেকে চিকির‌্যাসার জন্য অর্থ নেওয়ার নজির আছে। কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ নেওয়া বিরল ঘটনা। হঠার‌্যা করে সাংবিধানিক কতগুলো মামলার রায় দিচ্ছিলেন, তখন তিনি ত্রাণ তহবিল থেকে অর্থ নিয়েছেন। এ নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে।’ খন্দকার মাহবুব বলেন, ‘ত্রাণ তহবিল থেকে অর্থ নেওয়ার খবর যখন প্রকাশিত হয়, তখন সাংবাদিকেরা তাঁর কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। তিনি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিয়ে বলেছিলেন, “লেট মি অ্যালোন”। সাবেক প্রধান বিচারপতি বিষয়টি পরিষ্কার করলে বিভ্রান্তির সৃষ্টি হতো না। তিনি কোন প্রেক্ষাপটে, কী কারণে অর্থ নিয়েছেন, তা যদি জনগণের সামনে পরিষ্কার করতেন, তাহলে এ নিয়ে এত বিতর্ক হতো না।’তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থাসংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার রায় দিয়েছিলেন বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ। এখনো ওই রায় প্রকাশ না হওয়ায় সমালোচনা করেন খন্দকার মাহবুব। তিনি বলেন, একজন বিচারপতি রায় দিয়ে ছয় মাসেও রায় লিখতে পারেন না, এটা অদক্ষতা। সমিতির দক্ষিণ হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক এম বদরুদ্দোজাও উপস্থিত ছিলেন।