বিচারপতি খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেয় সরকার। আজ বুধবার বিচারপতি খায়রুল হক নতুন কর্মস্থলে যোগ দেবেন।আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।২০১০ সালের অক্টোবরে কমিশনের চেয়ারম্যান পদ থেকে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুর রশিদের পদত্যাগের পর কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এম শাহ আলম। বিচারপতি খায়রুল হককে নিয়োগের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ একজন চেয়ারম্যান পেল কমিশন। বিদ্যমান আইনের সংস্কারের বিষয়ে সরকারকে পরামর্শ ও সুপারিশ প্রদান কমিশনের কাজ। বিচারপতি এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুর জেলার রাজৈর থানায় জন্মগ্রহণ করেন বিচারপতি খায়রুল হক।হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালে খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে তিনি আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ও ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন।