বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের স্বজনদের নিরাপত্তা নিতে নির্দেশ
হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে বাসরত স্বজনদের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শক, জেলা পুলিশ সুপার, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারকের বিরুদ্ধে বেআইনিভাবে করা মানববন্ধনে অংশগ্রহণকারী বাকিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনকারীদের কৌঁসুলি এ বি এম সিদ্দিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, কদমবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগে একাধিক মামলা হয়। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এই মামলা হয়রানিমূলকভাবে করিয়েছেন বলে চেয়ারম্যানের দাবি। এ জন্য চেয়ারম্যান তাঁর সহযোগীদের নিয়ে বিচারপতির বিরুদ্ধে রাজৈর বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করেন।