বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গ্রামের বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নোয়াখালীর সেনবাগে কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। জামায়াত-শিবির এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর মৌলভীবাজারের কমলগঞ্জে অতিরিক্ত আইজি প্রিজন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতির গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জামায়াতের সেনবাগ উপজেলা আমির মাওলানা মো. এয়াছিন গতকাল দাবি করেন, তাঁদের দলের কেউ বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত নয়। ওই বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাবিলদার এনামুল হক প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক পৌনে একটার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বাড়ির ফটকে চারটি পেট্রলবোমা ছোড়া হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়।

এনামুল হক বলেন, তাৎক্ষণিক তাঁরা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। বোমা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে তাঁরা ফটকের সামনে ও পাশে থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুটি পেট্রলবোমা, একটি হকিস্টিক, পেট্রলসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই তাঁরা বিচারপতির বাড়িতে যান। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫টি গুলি করে বলে তিনি নিশ্চিত করেন। জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে অতিরিক্ত আইজি প্রিজন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতির গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত বুধবার ভোরে কমলগঞ্জের তিলকপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার বাড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেন। বৃহস্পতিবার রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি অতিরিক্ত আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারের গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের শিংরাউলী গ্রামে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে অতিরিক্ত আইজি প্রিজনের গ্রামের বাড়ির নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় রেখে কমলগঞ্জে পুলিশি টহল জোরদার করা হয়েছে।