বিচারপতি জে এন দেবচৌধুরী আর নেই

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এন দেবচৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সন্ধ্যায় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বলেন, দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন বিচারপতি জে এন দেবচৌধুরী। শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল আটটায় তাঁর মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হবে। এরপর সুপ্রিম কোর্ট থেকে মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে দাহ করা হবে।
বিচারপতি জে এন দেবচৌধুরী ১৯৬৫ সালের ১৫ মার্চ সিলেটে জন্মগ্রহণ করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ১৯৯০ সালের ১৬ এপ্রিল জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯২ সালের ১১ মে হাইকোর্ট বিভাগের ও ২০০১ সালের ৪ নভেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর গত বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি জে এন দেবচৌধুরী।