আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামী-সমর্থক আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত বিশেষ সভায় তাঁরা এ আশা প্রকাশ করেন।সভায় সংহতি জানিয়ে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা, ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থে হাইকোর্টের বিচারপতির পদ থেকে বিচারপতি নিজামুল হকের অবসরে চলে যাওয়া উচিত।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘স্কাইপে কথোপকথনের মাধ্যমে বিচারপতি নিজামুল হক সংবিধান লঙ্ঘন করেছেন। দাবি করছি, যে কারণে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন, একই সাংবিধানিক ও নৈতিক কারণে তাঁর উচিত হবে পদত্যাগ করা। প্রধান বিচারপতিকে অনুরোধ করব, তাঁকে যেন হাইকোর্টে কোনো বেঞ্চে দায়িত্ব না দেওয়া হয়।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আশা করি, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার্থে তিনি (বিচারপতি নিজামুল হক) হাইকোর্ট থেকে পদত্যাগ করবেন।’ আইনজীবী রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন।