বিচারপতি নিয়োগে নীতিমালা প্রশ্নে রুল শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের বিষয়ে হাইকোর্টের দেওয়া রুলের পরবর্তী শুনানি হবে ১৮ ও ১৯ মে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে গতকাল বৃহস্পতিবার এই রুল শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা (গাইডলাইন) প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী। প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ৬ জুন বিচারপতি মোহাম্মদ ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
রুলে আদালত জানতে চান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে কেন সুনির্দিষ্ট দিকনির্দেশনা তৈরি করা হবে না। আইনসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে এত দিন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা আইনসচিবের কাছে জানতে চান আদালত।
পরে রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলে যায়। ওই বেঞ্চ রুল শুনানিতে সাতজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। তাঁরা হলেন ড. কামাল হোসেন, রফিক-উল হক, মওদুদ আহমদ, রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ।
সম্প্রতি এই রিট আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য এলে রুল শুনানি শুরু হয়।