সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে পরিষদের সমাবেশে তাঁরা এ অসন্তোষ প্রকাশ করেন। এই পরিষদ সরকার-সমর্থক হিসেবে পরিচিত।উচ্চ আদালত ও বিচার বিভাগের ভাবমূর্তি এবং বিচারপতি ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সুরক্ষার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। একপর্যায়ে এতে ক্ষোভ ও অভ্যন্তরীণ মতানৈক্য প্রকাশ পায়। পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় আন্দোলন করছি। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে। বিচারপতি করার জন্য যেভাবে প্রধান বিচারপতির কাছে তালিকা পাঠানো হচ্ছে, সেভাবে পাঠালে হবে না। প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে।আমীর-উল ইসলাম আরও বলেন, ‘প্রধান বিচারপতিকে বলেছি, বিচারপতি নিয়োগের আগে ভাবতে হবে, ওই ব্যক্তি প্রধান বিচারপতির আসনে বসার যোগ্য কি না। উপযুক্ত ব্যক্তি নিয়োগ হলে কষ্ট থাকে না। যেভাবে বিচারপতি নিয়োগ হচ্ছে, তাতে সবাই ক্ষুব্ধ।’ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, ‘বিরোধীদলীয় নেতা সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। এটা মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, সুপ্রিম কোর্টের ও বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় পরিষদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন যেসব বক্তব্য দিচ্ছেন, তা শুধু অসাংবিধানিক ও অগ্রহণযোগ্যই নয়, চাটুকারিতার চরম পর্যায়। এম ইউ আহমেদের মৃত্যু নিয়ে লাশের রাজনীতি করছেন।’ পুলিশের দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এম ইউ আহমেদের ময়নাতদন্তের সময় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের দুজন চিকিৎসক ছিলেন। আবদুল মতিন খসরু বলেন, ‘বিএনপির রাজনীতি অপরাজনীতি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’ পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নিজের সাবধানতা অবলম্বন করতে হবে। আমীর-উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, লায়েকুজ্জামান মোল্লা, সাংসদ খান টিপু সুলতান, সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক, শেখ আওসাফুর রহমান, মমতাজউদ্দিন, আজহারুল্লাহ ভূঁইয়া ও রবিউল আলম বক্তৃতা করেন।