বিচারপতি নিয়োগে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি নিয়োগে আইন হওয়া উচিত জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ব্যাপারে এই সরকার কাজ শুরু করেছে। তিনি বলেন, সরকার বিশ্বাস করে, বিচার বিভাগ স্বাধীন হওয়া উচিত। স্বাধীন হওয়ার জন্য যেসব কর্মকাণ্ড করা উচিত, সেসব কর্মকাণ্ড সরকার হাতে নিয়েছে। সরকারই এই কাজগুলো সম্পন্ন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

গতকাল রোববার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আইন ও নির্বাহী বিভাগের সঙ্গে সমন্বয় করে বিচার বিভাগ কখনোই কাজ করতে পারে না।

তার এই বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ তখনই থাকে, যখন দেশ থাকে। দেশ থাকতে হলে এই তিনটার সমন্বয় থাকতেই হবে। তার মানে এই না যে বিচার বিভাগ স্বাধীন না। দেশের জনগণের স্বার্থে এই তিন বিভাগের সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে নয়।

মন্ত্রী বলেন, স্বাধীনতার কথা শুধু মুখে বললে হয় না। প্রকৃতপক্ষে স্বাধীন বিচার বিভাগ হয়েছে এই সরকারের আমলে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য শ ম রেজাউল করিম প্রমুখ।