হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য আইন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মুজিবুল হক প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে বর্তমান পদ্ধতিতে অনেক ত্রুটি আছে। এর কারণে বিচারপতি নিয়োগের পর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ অবস্থায় নিরপেক্ষ উপায়ে বিচারপতি নিয়োগের জন্য কোনো আইন করা হবে কি না?জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের বিধানমতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ করে থাকেন। এ-প্রক্রিয়া পরিবর্তন করে নতুন কোনো বিধিমালা বা আইন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই।এদিকে সংবিধানের ৯৫/২/গ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিচারপতিদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা যাবে। সংবিধানে ১৯৭২ সাল থেকে এ বিধান থাকলেও আইনটি হয়নি। আইনজীবীদের বিভিন্ন সংগঠন আইনটি করার জন্য কয়েক বছর ধরে দাবি জানাচ্ছে। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও এ আইনের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠাতে আইন কমিশনকে সুপারিশ করেছিল।গতকাল বিকেল পৌনে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।আওয়ামী লীগের তারানা হালিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়া গেলে দণ্ডবিধি (পেনাল কোড) সংশোধন করে সড়ক দুর্ঘটনার জন্য অপরাধীদের দণ্ড বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।তারানা হালিমের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দালাল আইন বাতিলের আগে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটতরাজে জড়িত থাকার দায়ে ৩৭ হাজার ৪৯১ জনের বিচার চলছিল। এদের মধ্যে ৭৫২ জনের সাজা হয়। দুই হাজার ৯৬ জন খালাস পায়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করা হয়। এ কারণে ৩৪ হাজার ৬৪৩ জনের বিচার করা সম্ভব হয়নি।ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, হাইকোর্ট বিভাগে দুই লাখ ৭৯ হাজার ৯২৩টি মামলা বিচারাধীন। আপিল বিভাগে বিচারাধীন মামলা আছে ১২ হাজার ৫৫১টি।নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদকাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বর্তমানে সাতজন সচিব এবং একজন অতিরিক্ত সচিব চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।নজরুল ইসলামের (মঞ্জু) প্রশ্নের জবাবে পানিসম্পদনমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, ভারত-বাংলাদেশের যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিস্তা নদীর চুক্তি সম্পাদনের ব্যাপারে কাজ পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায় নিকট ভবিষ্যতে চুক্তি স্বাক্ষর হবে।