আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক ও বিএনপির নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে করা পৃথক দুটি দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ছাড়া আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় এর আগে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির একটি বেঞ্চ এ আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট তিনজনের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে তিনজনের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম চলবে।’ আদালতে মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। শেখ সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। তিন মামলায় দুদকের পক্ষে শুনানি করেন এম এ আজিজ খান। জানা গেছে, চারদলীয় জোট সরকারের গণপূর্তমন্ত্রী থাকাকালে ১৮টি বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মির্জা আব্বাসের বিরুদ্ধে মতিঝিল থানায় দুদক মামলা করে। তাঁর আবেদনের প্রেক্ষাপটে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর ওই কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। আর জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২৩ এপ্রিল রমনা থানায় শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন ও মামলার কার্যক্রম স্থগিত করেন।