সিনহার বাড়িতে হামলায় গ্রেপ্তার চার তিন দিনের রিমান্ড
বিচারপতি ফজলে কবীরের বাড়িতে হামলা, আগুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে ককটেল হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিচারপতি এম কে সিনহার বাড়িতে হামলা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার এবং তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, বুধবার রাত সোয়া একটার দিকে সদর উপজেলার চামাগ্রাম এলাকায় বিচারপতি ফজলে কবীরের বাড়িতে পেছন দিক থেকে পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। এরপর হামলাকারীরা বাড়ির জানালায় পেট্রল ঢেলে আগুন দেয়। আগুনে দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচারপতি ফজলে কবীরের ভাই গোলাম কবীর জানান, তাঁর ভাই সপরিবারে ঢাকায় থাকেন। চাঁপাইনবাবগঞ্জের ওই বাড়িতে পরিবারের কেউ থাকেন না। এর পরও বিচারপতি ফজলে কবীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সময় সেখানে ছয়জন পুলিশ সদস্য ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার বাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সম্পাদক আবু তালেব, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, শিবিরের সদস্য কামরুজ্জামান ও ফখরুল ইসলাম। তাঁদের গতকাল মৌলভীবাজারে হাকিম ঝলক রায়ের আদালতে তুলে মামলার বাদী এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার আপিল নিষ্পত্তির জন্য গঠিত পাঁচ সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি এস কে সিনহা।
গতকাল দুপুরে কমলগঞ্জ থানায় সংবাদ ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে শিবিরের নেতা সাইফুর রহমান ও আবু তালেব বিচারপতির বাড়িতে হামলার ঘটনায় অংশ নিয়ে ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সাইফুরকে গ্রেপ্তারের সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলার সময় ওই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল।