নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি, বিএনপি ক্ষুব্ধ
বিচারপতি মাহমুদ এবারও নেতৃত্বে

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশে এই কমিটি করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগসহ অন্য দলগুলো ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির দীর্ঘ আলোচনার পর গতকাল অনুসন্ধান কমিটির প্রধানসহ অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হয়। রকিব কমিশন গঠনের সময়ও অনুসন্ধান কমিটির প্রধান ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তখন অনুসন্ধান কমিটি ছিল চার সদস্যের।
অনুসন্ধান কমিটি কমপক্ষে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম বাছাই করে সুপারিশ করবে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে বাছাই করা নামসহ সুপারিশ করতে হবে। সেখান থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী এবারই ইসিতে কমপক্ষে একজন নারী থাকার বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন ইসিতে কমপক্ষে একজন নারী থাকবেন।
অনুসন্ধান কমিটির অন্য পাঁচ সদস্য হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পদাধিকারবলে অনুসন্ধান কমিটিতে রয়েছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি এর আগে শিক্ষাসচিব ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন। পদাধিকারবলে আরেক সদস্য হলেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ।
অনুসন্ধান কমিটির সদস্য হিসেবে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডেরও সদস্য। কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার। ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের সঙ্গে রয়েছেন। তাঁর বাবা প্রয়াত আফসার কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
অনুসন্ধান কমিটিতে থাকার বিষয়ে জানতে চাইলে শিরীণ আখতার প্রথম আলোকে বলেন, ‘এটাকে সুন্দর ও পবিত্র দায়িত্ব বলে মনে করছি। আশা করি, সুষ্ঠুভাবে এ দায়িত্ব পালন করতে পারব।’
প্রজ্ঞাপনে অনুসন্ধান কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির কাজের জন্য প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। তিন সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে।
২০১২ সালে কাজী রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান ইসি গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিলেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ওই কমিটিতে ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, তৎকালীন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম ও সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।
একজন কমিশনার বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এ জন্য ইসি গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি।
বঙ্গভবন সূত্র বলেছে, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে অনুসন্ধান কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত নেন। ওই সূত্র আরও জানায়, সময়ের অভাবে এবার নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারি করছেন না রাষ্ট্রপতি।
ক্ষুব্ধ বিএনপি
গণমাধ্যমে অনুসন্ধান কমিটির সদস্যদের নাম আসার পর তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির প্রস্তাব ছিল, বাছাই কমিটি হবে পাঁচ সদস্যের। আহ্বায়ক হবেন অবসরপ্রাপ্ত এবং কর্মক্ষম একজন সাবেক প্রধান বিচারপতি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে)। অন্য সদস্যরা হবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, সরকারের অবসরপ্রাপ্ত একজন সচিব (তবে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন, এমন কর্মকর্তা নন), বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক বা দলনিরপেক্ষ সর্বজনশ্রদ্ধেয় একজন বিশিষ্ট নাগরিক এবং সর্বজনশ্রদ্ধেয় দলনিরপেক্ষ একজন জ্যেষ্ঠ নারী।
গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। এই কমিটি নিয়ে বিএনপি শুধু হতাশই হয়নি, ক্ষুব্ধও হয়েছে। এ কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিক্রিয়া
গতকাল রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘কাকে কাকে তিনি (রাষ্ট্রপতি) মনোনয়ন দেবেন, সেটা তো একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা কোনো নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে আমাদের দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।’
সন্ধ্যায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, যাঁদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সম্মানীয় ও শ্রদ্ধেয়। অনুসন্ধান কমিটিতেও তাঁরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আশা করি, সব দলকে আস্থায় এনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে এই কমিটি সহায়তা করবে।’ দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, যাঁদের দিয়ে অনুসন্ধান কমিটি করা হয়েছে, তাঁরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা করেন।