বিচারপতি মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পায়নি কাউন্সিল
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ পায়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সম্প্রতি এ-সংক্রান্ত প্রতিবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কাউন্সিল এই বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে। অপর দুই সদস্য ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। যোগাযোগ করা হলে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাউন্সিলের প্রতিবেদনটি গত রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এর বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছুই জানেন না। ব্লগার ও তরুণ প্রজন্মের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে খুন হন। দুর্বৃত্তদের হাতে নিহত রাজীব হায়দারের সমালোচনা করে ১৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপে। বিচারপতি মিজানুর তাঁর জমাদারের মাধ্যমে ওই প্রতিবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের কাছে পাঠান বলে অভিযোগ ওঠে। পরে ২৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব অনুমোদন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ওই দিন তা মন্ত্রণালয় হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায়। ভিত্তিহীন প্রতিবেদনের অনুলিপি বিভিন্ন বিচারপতির কাছে বিলির মাধ্যমে বিচারপতি মিজানুর ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন অভিযোগ করে বিভিন্ন মহল থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ওই বিচারপতিকে অপসারণের দাবি ওঠে। জাতীয় সংসদেও জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাঁকে অপসারণের দাবি ওঠে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পৌঁছেছে।