বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান স্মরণ আজ

বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তাঁকে নিয়ে স্মৃতিচারণা ও আলোচনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। মুহাম্মদ হাবিবুর রহমানের স্বজন, সুহৃদ, সহকর্মী, জ্যেষ্ঠ নাগরিক ও অনুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‘প্রয়াণের এক বছর, শ্রদ্ধাঞ্জলি: মুহাম্মদ হাবিবুর রহমান’ শীর্ষক এ আয়োজনে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এটি অনুষ্ঠিত হবে আজ বিকেল পাঁচটায়, ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।
এ অনুষ্ঠানে প্রথমা প্রকাশন থেকে বেরোনো মুহাম্মদ হাবিবুর রহমানের দুটো বইয়ের মোড়ক উন্মোচন এবং তা নিয়ে আলোচনাও হবে। মৃত্যুর আগে লেখক নাগরিকদের জানা ভালো নামে একটি বইয়ের কাজ শেষ করে গিয়েছিলেন। বইটি তিনি সাজিয়েছিলেন বাংলাদেশ সম্পর্কে বিচিত্র তথ্যের সম্ভার দিয়ে। হরেক রঙের মানুষ নামে আরেকটি বই প্রকাশিত হয়েছে তাঁর অগ্রন্থিত স্মৃতিচারণা, ভ্রমণকাহিনি, গল্প, কবিতা, অনুবাদ ও সাক্ষাৎকার সংকলিত করে।
মুহাম্মদ হাবিবুর রহমান গত বছরের ১১ জানুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।