বিচারপতি শামসুদ্দিন থাকায় অনুষ্ঠানে যাননি আইনমন্ত্রী
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যে সরকার বিব্রত হলেও করণীয় খুঁজে পাচ্ছে না। এ ধরনের স্পর্শকাতর বিতর্কে সরকার ছাড়াও বিচারালয়ে এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।
বিব্রতকর অবস্থায় পড়ে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেননি, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একজন আলোচক ছিলেন। প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।
এ বিষয়ে আইনমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি মন্ত্রী হিসেবে আমার জন্য বিব্রতকর ও বিরিক্তকর। এ জন্য ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ অনুষ্ঠানের আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আইনমন্ত্রী না আসার কারণ আন্দাজ করা গেলেও এটা আমরা বলতে চাই না।’ তবে তিনি মনে করেন, বিচারালয়ে যা কিছু হচ্ছে এবং এ নিয়ে পত্রপত্রিকায় যা কিছু প্রকাশ হচ্ছে তা অনভিপ্রেত ও দুঃখজনক।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, বিভিন্ন পর্যায় থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। আইন মন্ত্রণালয় ছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এমনকি বিরোধী দল বিএনপিও শামসুদ্দিন চৌধুরীর মতের বিপক্ষে অবস্থা নিয়েছে। কিন্তু তাঁকে কেউ থামাতে পারছে না। চুপ থাকার অনুরোধের জবাবে ওই বিচারপতি ঘনিষ্ঠ কয়েকজনকে জানিয়েছেন, পেনশন ছাড় না করলে কিছুদিন বিরতি দিয়ে তিনি আবারও মুখ খুলবেন।
সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, দুই জ্যেষ্ঠ বিচারপতির এই প্রকাশ্য বিরোধে সরকার বিব্রত। বিষয়টি নিয়ে বঙ্গভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠকে আলোচনাও হয়েছে, যেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ২৮ জানুয়ারি বঙ্গভবনের ওই বৈঠকের আলোচনা বা সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে গতকাল আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, ওটা ছিল সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচারালয়ে যা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক। বলতে পারেন, আমি বিরক্ত।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরোধের বিষয়টি বেশ পুরোনো হলেও সম্প্রতি এর বিস্ফোরণ ঘটে। প্রধান বিচারপতি ১৭ জানুয়ারি তাঁর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বাণীতে বলেন, অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা অসাংবিধানিক। বিরোধী দল বিএনপি তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করে। উল্লেখ্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার ১৬ মাস পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় লেখেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, প্রধান বিচারপতির ওই বক্তব্যে সরকারের শীর্ষ পর্যায় বিব্রত হয়। ২৬ জানুয়ারি জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অবসরের পর বিচারপতিদের রায় লেখা অসাংবিধানিক বা বেআইনি নয়। এ বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য দুঃখজনক।
উচ্চ আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শামসুদ্দিন চৌধুরীর পেনশন আটকে দেওয়া এবং তাঁকে মামলার নথি ফেরত দিতে বলাসহ বিভিন্ন ঘটনায় বিচারালয়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবসরে যাওয়ার পরপরই প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী। গত সোমবারও তিনি প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন।
এ প্রসঙ্গে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, হঠাৎ করে অবসরের পর রায় লেখার প্রসঙ্গটা যেভাবে এসেছে তাতে কিছু প্রশ্ন থেকে যায়। যাঁদের মামলা তাঁরা রায়ে সই না করলে ওই মামলার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কেউ কিছু বলছেন না। তা ছাড়া একটি সময় দিয়ে বলা যেত, অমুক তারিখের পর কেউ অবসরে গিয়ে রায় লিখতে পারবেন না। তিনি বলেন, ‘বিচারালয়ে আমরা পাল্টাপাল্টি চাই না। আমরা চাই সবাই সহনশীল হবেন।’
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাঁর হাতে লেখা প্রায় ৬৫টি রায় ও আদেশসহ সংশ্লিষ্ট মামলার নথি জমা দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এ রকম বহু মামলার রায় না লেখার কারণে ভুক্তভোগীরা বিচারবঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তাঁর এক চিকিৎসক বন্ধু জমি দখল হয়ে যাওয়ার পর আদালতে যান এবং রায় পাওয়ার পর সই হওয়ার আগে একজন বিচারপতি অবসরে যান। অবসরে যাওয়ার দেড় বছরেও তিনি রায়ে সই করেননি।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, যেহেতু কবে, কখন রায় লেখা হবে তা নিয়ে বিতর্ক ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেহেতু এ নিয়ে একটি বিধি করা যেতে পারে এবং সেই ক্ষমতা উচ্চ আদালতের রয়েছে। তিনি মনে করেন, বিচারপতিদের প্রকাশ্যে বক্তব্য-বিবৃতি দেওয়া উচিত নয় এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দ্রুত অবসান হওয়া উচিত।