বিচারপতি শামসুদ্দিনের মামলা খারিজ, খরচ দেওয়ার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। একই সঙ্গে বিবাদীর মামলার খরচ দেওয়ার জন্য বিচারপতি চৌধুরীর প্রতি আদেশ দিয়েছেন আদালত।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করলে হাইকোর্ট সেই আপিলের অনুমতি দেননি। ফলে বিচারপতি চৌধুরীকে এখন বিএনপির নেতা আবদুস সালামকে মামলার খরচ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সুজান আসলান।
আবদুস সালাম ছাড়াও বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক আহ্বায়ক আবদুল মালেক, ব্রিটেনের বাংলা সংবাদপত্র সাপ্তাহিক পত্রিকা এবং লন্ডন বাংলা পত্রিকাসহ ৩০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত বছর এসব মানহানির মামলা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। সাপ্তাহিক নতুন দিন, বাংলা টাইমস ও সাপ্তাহিক বাংলাদেশ অভিযোগের বিষয়ে আদালতের বাইরে আপস করলেও অবশিষ্ট ব্যক্তিরা আইনি পথে মোকাবিলার পথ বেছে নেন।
কথিত মানহানির অভিযোগের বিষয়ে মামলা দায়েরের ক্ষেত্রে সঠিক আইনগত পদ্ধতি অনুসৃত না হওয়ায় মামলা খারিজ করে দেন বিচারিক আদালত। বিবাদীদের মধ্যে আবদুস সালামের দাবির পরিপ্রেক্ষিতে আদালত তাঁর মামলার খরচ পরিশোধের জন্য বিচারপতি চৌধুরীর প্রতি আদেশ জারি করেন।
আবদুস সালাম, আবদুল মালেক এবং সাপ্তাহিক পত্রিকা ও সাপ্তাহিক লন্ডন বাংলার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও বিবাদীদের আইনজীবী সুজান আসলান জানান, বিবাদীর খরচ আদায়ের বিষয়ে তাঁরা বাদীর আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন।
বিচারিক আদালতে বিচারপতি চৌধুরীর আবেদন খারিজ এবং বিবাদীর মামলার খরচ দেওয়ার আদেশ জারি হয় গত ৭ এপ্রিল। এরপর বিচারপতি চৌধুরী আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু ২ অক্টোবর হাইকোর্টের কুইন্স বেঞ্চ ডিভিশনের বিচারপতি ডিংম্যানস তা খারিজ করে দেন।
বর্তমানে লন্ডনে অবস্থানরত বিচারপতি চৌধুরীর সঙ্গে আদালতের এই আদেশের বিষয়ে বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হয়। তিনি এ বিষয়ে তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে তাঁর সলিসিটর জেরাল্ড ও মেহনির কাছে এ বিষয়ে মন্তব্য জানার জন্য যোগাযোগ করলে তিনি বলেন, মক্কেলের কাছ থেকে এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দেশনা নেই।