বিচারপতি সিনহার গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে গতকাল বুধবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার আপিলের জন্য গঠিত পাঁচ সদস্যের বেঞ্চে তিনিও ছিলেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোর পাঁচটার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে বিচারপতি এস কে সিনহার বাড়িতে গিয়ে কেরোসিন দিয়ে ঘরে আগুন লাগায়। এ সময় ঘরে কেউ ছিল না। আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে কমলগঞ্জ থেকে অগ্নিনির্বাপক কর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি দা উদ্ধার করা হয়েছে।
এস কে সিনহার ছোট ভাই ব্যাংক কর্মকর্তা নীলমনি সিংহ প্রথম আলোকে বলেন, ‘আমি আগুন দেখে প্রথমে আমার ঘরের বিদ্যুতের মূল সুইচ বন্ধ করে দিই। ঘর থেকে বের হয়ে দেখি, তিনজন লোক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।’
কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ বলেন, ‘দুর্বৃত্তরা বাইরে থেকে কেরোসিন ঢেলে ঘরে আগুন দিয়েছে। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা বের করার চেষ্টা চলছে। সন্দেহভাজন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সম্পাদক আবু তালেবকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুক আহমদ বলেন, এ ঘটনায় জামায়াত-শিবিরের কর্মীরা জড়িত নন। তিনি পাল্টা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকজন এ ঘটনা ঘটিয়ে জামায়াত-শিবিরকে জড়ানোর চেষ্টা করছে।