বিচারপতি হাবিবুর রহমান ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে স্মরণ করে বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, বিচারপতি হাবিবুর রহমান বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বহুমাত্রিক চরিত্রকে বুঝতে গেলে তাঁর লেখা রায় ও সাহিত্যকর্ম পড়তে হবে এবং কর্মকাণ্ডকেও জানতে হবে।
সামাজিক সংগঠন শিল্পিত আয়োজিত এক স্মরণসভায় গতকাল বুধবার জিল্লুর রহমান সিদ্দিকী এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি হাবিবুর রহমানের কীর্তিময় জীবনের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন তাঁরই সহপাঠী ও সহকর্মী জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ‘১৯৯৬ সালের রাজনৈতিক ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর হাবিবুর রহমানের নতুন পরিচয় পেয়েছি। আর তা হলো, তাঁর দৃষ্টি সুদূরপ্রসারী, তিনি অতি সহজে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর বিদায়ে একধরনের শূন্যতা অনুভব করছি।’
ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘বিচারপতি হাবিবুর রহমানকে আমরা বিনয়ী, সদালাপী, ভদ্র, সৎ, প্রগতিশীল ও আদর্শবাদী মানুষ হিসেবে জানতাম। তাঁর কাছে একবার জানতে চেয়েছিলাম, প্রগতিশীলতার সঙ্গে ধর্মনিষ্ঠা আপনি মেলান কীভাবে? জবাবে তিনি বলেছিলেন, শুদ্ধ প্রগতিশীলতার সঙ্গে শুদ্ধ ধর্মনিষ্ঠার কোনো বিভেদ নেই।’ স্মরণসভায় আরও বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মনিরুজ্জামান।