বিচারপতিকে ফোন করা মন্ত্রীকে বরখাস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন মামলার বিষয়ে বিচারপতিকে এক মন্ত্রীর ফোন করার বিষয়টি তুলে ধরে ওই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ওই ঘটনার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে ওই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার ও ফৌজদারি মামলা করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি ও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের বিচারপতিদের নাম উল্লেখ করে তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি ওই বেঞ্চে একটি অর্থঋণ মামলার শুনানির সময় একজন বিচারপতি উপস্থিত আইনজীবীদের জানান, তাঁদের কাছে বর্তমান সরকারের একজন মন্ত্রী মামলার বিষয়ে টেলিফোন করেছেন। পরে বিচারপতিরা ওই মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠান।
এক প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন বলেন, ‘মন্ত্রীর নাম পত্রপত্রিকায় আসেনি। বিচারপতিরাও বলেননি। তবে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ওই মন্ত্রী গত মহাজোট সরকারের ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ছিলেন, বর্তমানেও মন্ত্রিসভায় আছেন।’
সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, সহসম্পাদক রফিকুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।