বিচারপতিকে মন্ত্রীর ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিচারাধীন ঋণসংক্রান্ত একটি মামলার বিষয়ে একজন মন্ত্রী ফোন করার পর সংশ্লিষ্ট বেঞ্চ মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
ওই মামলার বিবাদীপক্ষের কৌঁসুলি মো. আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের বলেন, দেওয়ানি রিভিশন আবেদনের রুল শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে মামলাটি এসেছিল।
বাদীপক্ষের আইনজীবী মামলাটি উপস্থাপন করার সময় আদালত বলেন, তিনি মামলাটি শুনতে পারবেন না। এ ব্যাপারে একজন মন্ত্রী ফোন করেছেন। এ জন্য শুনবেন না বলে মামলাটি পরবর্তী নির্দেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩১ জুলাই যমুনা ব্যাংক থেকে জারিফ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ৭০ লাখ টাকা ঋণ নেয়। এ জন্য ব্যাংকের কাছে পাঁচটি ফ্ল্যাট বন্ধক রাখে ঋণগ্রহীতা প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় যমুনা ব্যাংক ২০০৯ সালের ১৬ এপ্রিল ঋণগ্রহীতাদের প্রতি নোটিশ জারি করে। এতে ৮৪ লাখ ১৬ হাজার ৮৪৫ টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু সুদসহ ঋণের টাকা পরিশোধ না করায় ওই বছরের ২২ জুলাই যমুনা ব্যাংকের পক্ষ থেকে আরেকটি আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে ঋণগ্রহীতাদের দুই কোটি ১৭ লাখ পাঁচ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়। ঋণগ্রহীতারা আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ২০১০ সালের ১৩ জুলাই যমুনা ব্যাংক ঋণ পরিশোধের জন্য সংবাদপত্রে নোটিশ প্রকাশ করে। এতে ঋণগ্রহীতাদের ৮৭ লাখ ৬১ হাজার টাকা পরিশোধ করতে বলা হয়।
আইনজীবী আসাদুজ্জামান জানান, একপর্যায়ে ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সম্পত্তির মালিক এম এম মুমিত এবং বরেন্দ্র ইন্টারন্যাশনাল নিম্ন আদালতে মামলা করেন। এ মামলাটি খারিজের জন্য ব্যাংকের কাছ থেকে নিলামে সম্পত্তি ক্রয়কারী মো. হোসেন খান নিম্ন আদালতে আবেদন করেন। গত বছরের ২৪ জানুয়ারি নিম্ন আদালতে আবেদনটি খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে সিভিল রিভিশন মামলা করেন। হাইকোর্ট রুল জারি করেন এবং ওই বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে রুলের ওপর শুনানি শুরু হয়। গতকাল সোমবার বিষয়টি শুনানির জন্য ২২ নম্বর ক্রমিকে ছিল।