বিচারপতিদের অপসারণ বিষয়ে আইন উঠছে বাজেট অধিবেশনে
বিচারপতিদের অপসারণের পদ্ধতি নির্ধারণের আইন সংসদের আগামী বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ-সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে বিলটি সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে।
১ জুন থেকে সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আইনটি না হওয়া পর্যন্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অকার্যকর। কারণ ওই সংশোধনীতে বলা আছে, বিচারপতিদের অসামর্থ্য ও অসদাচরণ প্রমাণের পদ্ধতি আইন দ্বারা সংসদ নিয়ন্ত্রণ করবে। তখন অনেকেই বলেছিলেন, সংসদ সব ক্ষমতা নিয়ে নিচ্ছে। আমরা বলেছিলাম বিচারপতিদের অসামর্থ্য ও অসদাচরণের তদন্ত বিচার বিভাগ করবে। সংসদ তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।’
সুরঞ্জিত জানান, প্রস্তাবিত এই আইনে কী বলা আছে, সে সম্পর্কে কমিটি এখনো কিছু জানে না। সংসদের আসার পর আইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে পাস হয়।
সংশোধনীতে বলা হয়, প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের প্রস্তাবে রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করা যাবে। অপসারণের পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাক্ষীর সংখ্যা বেশি হওয়ায় মামলার বিচার কাজে বিলম্ব হচ্ছে। তবে আগামী তিন মাসের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি হবে বলে মন্ত্রণালয় আশা করে।
বৈঠক শেষে কমিটির কর্মকর্তারা জানান, আকস্মিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর কমিটি দ্রুত বৈঠক শেষ করে। ভূমিকম্প শুরু হলে বৈঠক কক্ষের ঝাড়বাতিসহ পুরো কক্ষ দুলতে থাকে। এ সময় মন্ত্রী-সাংসদসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা নিরাপদ স্থানের খোঁজে ছুটোছুটি শুরু করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ভূমিকম্পের কারণে সভা দ্রুত শেষ করতে হয়েছে। কারণ সব কিছুই দুলছিল।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস ও সফুরা বেগম অংশ নেন।