বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাচ্ছে সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভায় সংবিধানের ষোড়শ সংশোধনী আইনের খসড়ার অনুমোদন হয়েছে। ছবি: ফোকাস বাংলা
মন্ত্রিসভায় সংবিধানের ষোড়শ সংশোধনী আইনের খসড়ার অনুমোদন হয়েছে। ছবি: ফোকাস বাংলা

মন্ত্রিসভায় সংবিধানের ষোড়শ সংশোধনী আইনের খসড়া অনুমোদিত হয়েছে। এতে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে আবার ফিরে আসছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের আলোকে এই সংশোধনী আনা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ছিল।

নতুন এই সংশোধনীতে বলা হয়

১। এই আইন সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪ নামে অভিহিত হবে।

২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে, যথা:

‘৯৬। বিচারকদের পদের মেয়াদ।- (১) এই অনুচ্ছেদের বিধানাবলী- সাপেক্ষে কোনো বিচারক ৬৭ (সাতষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।

(২) প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারণ করা যাবে না।

(৩) এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।

(৪) কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন।’

আরও জানতে পড়ুন