
আবারও সংবিধান সংশোধনের ইঙ্গিত দিলেন জাতীয় সংসদের আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে, সংসদের সার্বভৌম ক্ষমতার জন্য সংবিধানে ৯৬ অনুচ্ছেদে সংশোধন আনা দরকার। তবে এর বাইরে আর কোনো অনুচ্ছেদে সংশোধন আনা প্রয়োজন কি না, এ ব্যাপারে কমিটি কিছু বলেনি।
আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধন হবে, এমন কথা তিনি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে শুনেছেন। সংসদের কাছে বিচার বিভাগের দায়বদ্ধতা ফিরিয়ে আনতে এই সংশোধন হওয়া দরকার। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে সংশোধন হলে ভালো হতো। দেরিতে হলেও, এটা হওয়া দরকার। তিনি দাবি করেন, এই অনুচ্ছেদ সংশোধন করার ব্যাপারে বিগত বিএনপি সরকারের আইনমন্ত্রীরও মত ছিল। এটা একটা নির্ধারিত বিষয়।
১৯৭২ সালের সংবিধানে আইন, বিচার ও নির্বাহী বিভাগের জবাবদিহি সংসদের হাতেই ছিল। কিন্তু পরবর্তী সময় মার্শাল ল-র মাধ্যমে বিচার বিভাগের জবাবদিহিতা সংসদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। তখন থেকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে করার বিধান চালু হয়। যদিও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কোনো নজির এখন পর্যন্ত নেই।
জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সেনা শাসকদের সব কাজকে অবৈধ বলে আদালতের রায় আছে। এ কারণে পঞ্চম সংশোধনীও অবৈধ হয়ে যায়। ফলে অনিবার্যভাবেই ৯৬ অনুচ্ছেদে সংশোধন হওয়া প্রয়োজন। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর সময় এটি অন্তর্ভুক্ত থাকলে এখন সে সমালোচনা ও বিতর্কের কথা বলা হচ্ছে, তা হতো না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৯৬ অনুচ্ছেদ ’৭২-এর সংবিধান অনুযায়ী হুবহু ফিরিয়ে না আনলে সার্বভৌম সংসদের অঙ্গহানি হয়। সংসদ সার্বভৌম থাকে না। অন্য দেশেও এটা আছে।