উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে কি হবে না—এ নিয়ে বিতর্কের মধ্যেই গতকাল সোমবার এ-সংক্রান্ত সংবিধান সংশোধন আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই বিলটি উত্থাপন করা হবে এবং এই অধিবেশনেই বিলটি পাস হবে বলে আশা করেন তিনি। এটি হবে সংবিধানের ষোড়শ সংশোধনী। এই সংশোধনীর আলোকে তিন মাসের মধ্যে একটি আইন হবে, যাতে অভিযুক্ত বিচারককে অপসারণের প্রক্রিয়া সম্পর্কে বিশদ ব্যাখ্যা থাকবে। আইনমন্ত্রী দাবি করেন, অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে এলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে না।
তবে অভিশংসনের এই প্রক্রিয়া বিদ্যমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রক্রিয়ার চেয়ে সহজ ভাবার কারণ আছে বলে মনে করেন না আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্বে যেসব দেশে এই বিধান প্রচলিত আছে, শ্রীলঙ্কা ছাড়া আর কোথাও কোনো বিচারপতিকে পার্লামেন্টের মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে মনে হয় না। একবার এ দেশে জুডিশিয়াল কাউন্সিলে কার্যক্রম শুরু হলে একজন বিচারপতি পদত্যাগ করে চলে গেছেন।
অবশ্য সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মনে করেন, যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সেসব দেশের অধিকাংশেই অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে। এটাই সংসদীয় গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, ‘এই ক্ষমতা সংসদকে দেওয়া আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। কারণ, অভিযোগ উঠলে বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ, তা জানতে পারব। অভিযোগের সমর্থনে কী তথ্য-উপাত্ত, তা জানা যাবে। সর্বোপরি বিচারপতি আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্য দেবেন, তা-ও জানতে পারব। কিন্তু প্রচলিত জুডিশিয়াল কাউন্সিলে কী হয়, তা জনগণ জানতে পারে না। এ পদ্ধতিতে স্বচ্ছতার অভাব রয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বাহাত্তরের সংবিধানে দুই-তৃতীয়াংশ সাংসদের অনুমোদনের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের যে বিধান ছিল, সংবিধান সংশোধন করে সেটিই আবার ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণের নিয়মটি বাদ পড়ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামরিক ফরমান বলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে এই ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে অর্পণ করা হয়। এটি করা হয়েছিল জাতীয় সংসদের অনুপস্থিতিতে, ১৯৭৮ সালে। তিনি জানান, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় খসড়াটি এখন বিল আকারে সংসদে তোলা হবে। সংসদের অনুমোদনের পর আরেকটি আইন করা হবে, তাতে বিচারকদের অসামর্থ্য, অসদাচরণ ও অভিযোগ সম্পর্কে কীভাবে তদন্ত হবে, সংসদ কীভাবে প্রস্তাব নেবে এবং রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় তা অনুমোদন করবেন, এসব বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের সংবিধানেও অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে রয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, অসদাচরণ ও অসামর্থ্যের বিষয়টি প্রমাণ করতে হলে বিচারপতিদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা উচিত। কমিটি অভিযুক্ত বিচারপতিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে পাঠাবেন।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকের আশঙ্কা, এই সংশোধনীর ফলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা কমে যাবে। কারণ, জনগণ তখন মনে করবে বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করতে চায়। এর ফলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। এ ছাড়া বর্তমান সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতা আছে। কিন্তু ভবিষ্যতে সেটা না থাকলে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া যাবে না। ফলে একধরনের অচলাবস্থার সৃষ্টি হবে।
এই ক্ষমতা সংসদের হাতে দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে বিগত মহাজোট সরকারের সময়। ২০১২ সালে তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে কয়েকজন সাংসদ হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণের দাবি তোলেন। তখনই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।