বিচারপতিদের আচরণবিধি মেনে চলার পরামর্শ প্রধান বিচারপতির
বিচার বিভাগ সম্পর্কে যাতে কোনো ধরনের নেতিবাচক ধারণ না হয়, সে জন্য সহকর্মী বিচারপতিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় প্রধান বিচারপতি এমন পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। সভায় আদালতের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়।
সূত্রটি জানায়, সভায় প্রধান বিচারপতি আচরণ ও শৃঙ্খলাবিধি যথাযথভাবে মেনে চলতে বিচারপতিদের নির্দেশনা দেন, যাতে বিচার বিভাগ সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি না হয়। বিচারকদের সততা ও নৈতিকতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সুপ্রিম কোর্টের জরুরি বিষয় নিয়ে এই ফুল কোর্ট সভা হয়। তবে কোনো অ্যাজেন্ডা ছিল না। সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।