বিচারপতিদের জন্য আচরণবিধি থাকা উচিত: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

দেশের উচ্চ আদালতের বিচারকদের জন্য আচরণবিধি থাকা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আজ বিচারপতিদের আচরণবিধি খুব প্রয়োজন হয়ে গেছে। এই আচরণবিধি করতে তিনি প্রধান বিচারপতির সঙ্গেও কথা বলবেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে গত বছর ১২ ডিসেম্বর অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বুধবার আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেমের মামলার শুনানিতে উপস্থিত হলে এই আলোচনার সূত্রপাত হয়। বিষয়টি আদালতের নজরে আনার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম চৌধুরী হাইকোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যান পাচ্ছেন। এ অবস্থায় আইনজীবী হিসেবে মামলা লড়া ‘নৈতিকতার চরম বিরোধী’। অন্যদিকে বিচারপতি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনে সুযোগ আছে বলেই তিনি সরকারি সুবিধা ব্যবহার করছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, ‘তিনি (নজরুল ইসলাম) বলেছেন, নিম গাছেতো আর আম ধরবে না। তিনি প্রমাণ করেছেন, নিম গাছে আম ধরে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে কারও অধিকার ক্ষুণ্ন না করেই তারা অনেক কথা বলতে পারেন। বিচারকদের জন্য আচরণবিধি করার বিষয়ে সেভাবেই তিনি কথা বলবেন। আইনমন্ত্রী বলেন, ‘এ ধরনের আইনের প্রয়োজন আছে বলে কখনো মনে হয়নি। তাঁরা (বিচারপতিরা) বিবেক দ্বারা চালিত হবেন। তাঁদের এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, কী আচরণ তাঁরা করবেন।’
আনিসুল হক বলেন, তাঁর বাবা সিরাজুল হকও একসময় আইনজীবী ছিলেন। তখন তিনি দেখেছেন, বিচারকেরা যত দিন এলপিআরে (অবসর প্রস্তুতিকালীন ছুটি) ছিলেন, তত দিন তাঁরা কোর্টে যাননি। তিনি বলেন, ‘কিন্তু আজ এই ভদ্রলোকের ব্যাপারে যেটা হলো, সেটা হচ্ছে, উনি ১২ তারিখে ছেড়েছেন, ১৩ তারিখেই তিনি কোর্টে এসেছেন। তখনো তিনি বিচারপতির বাসা ছাড়েননি।’
সংবিধানের ৯৯ অনুচ্ছেদের ২ এর (১) অনুযায়ী, কোনো ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অবসর নেওয়ার পর আপিল বিভাগে ওকালতি করতে পারেন। এ প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতিদের অধিকার আছে আপিল বিভাগে প্র্যাকটিস করার। তাঁরা যদি আপিল বিভাগে প্র্যাকটিস করতে আসেন, তাহলে তাঁদের সরকারি সুবিধা ত্যাগ করে আসা উচিত। যদি ত্যাগ করতে না পারেন তাহলে সেগুলো শেষ করে আসা উচিত। কারণ তাঁরা হচ্ছেন সমাজের দৃষ্টান্ত, রোল মডেল। তাঁরা এমন কাজ করবেন, যেটা অনুসরণীয় হবে। আমি মনে করি, এখন সময় হয়েছে এগুলো ভেবে দেখার।’
মৃত্যুদণ্ড বিলোপ হবে না: আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বর্তমানে যেসব আইনে বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, তার কোনো পরিবর্তন হবে না। গতকাল সচিবালয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে বাংলাদেশের পক্ষ থেকে আইনমন্ত্রী এ বার্তা দিয়েছেন। সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা এ শাস্তি বিলোপের আহ্বান জানিয়ে আসছে। মতবিনিময়ের পর সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, বৈঠকে মৃত্যুদণ্ড নিয়ে যখন আলোচনা হয়েছে তখন বলা হয়েছে, যেসব অপরাধের জন্য বর্তমানে মৃত্যুদণ্ড সাজা হিসেবে রয়েছে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না।