বিচারপতিদের বাংলায় রায় দেওয়ার মানসিকতা থাকতে হবে: খায়রুল হক
আদালতে বাংলায় রায় দিতে হীনমন্যতায় ভোগেন বিচারপতিরা। কারণ, বাংলা ভাষায় প্রতিশব্দ পাওয়া অনেক দুরূহ। তার পরও বিচারপতিদের বাংলা ভাষায় রায় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বের হয়ে আসতে হবে হীনমন্যতা থেকে।
আজ শনিবার বিকেল রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে ‘আইন ও বাংলা ভাষাবিষয়ক সেমিনার ও মুক্ত আলোচনার’ প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি এ বি এম খায়রুল হক। গণ বিশ্ববিদ্যালয়ের আইন, বাংলা ও ইংরেজি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ বি এম খায়রুল হক বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহারে সঙ্গে ইংরেজিও শিখতে হবে। কারণ, ইংরেজি না শিখলে বিশ্বকে জানা ও জানানো যাবে না। বিচারপতি আরও বলেন, প্রতিটি পরিবারে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে ভাব প্রকাশ করতে হবে বাংলা ভাষায়। এ ছাড়া শিক্ষার সব ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিচারপতি কাজী এবাদুল হক, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ডিন মাহমুদ শাহ কোরেশী ও ইংরেজি বিভাগের প্রধান মনসুর মুসা বক্তব্য দেন।
‘সংবিধানের বাংলা পাঠ: চাই সপ্তদশ সংশোধন’ ও ‘উচ্চ আদালতের ভাষা শৈলী’ শীর্ষক দুটি আলাদা প্রবন্ধ পাঠ করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাখাওয়াৎ আনসারী ও ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আয়েশা বেগম। এ ছাড়া বিচারপতি আবদুস সালাম মামুনের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে জাপানের অনারারি কনসাল মুহাম্মদ নূরুল ইসলাম।