বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের সুযোগ পাবে না সংসদ: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অভিশংসনের ক্ষমতা পেলেও সংসদ বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সুযোগ পাবে না। গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বিবিসি বাংলার।
অনুষ্ঠানে একজন দর্শক জানতে চান, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার জন্য সংবিধানের যে সংশোধনী আনা হয়েছে, তা বিচার ও শাসন বিভাগের মধ্যে সংঘাতের জন্ম দেবে কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, সংসদ এ ধরনের ক্ষমতা পেলেও দুই বিভাগের মধ্যে কোনো সংঘাতের সুযোগ সৃষ্টি হবে না। তিনি বলেন, ‘আইনের মধ্যে সংসদের কাছে এই তদন্ত করার ভার থাকবে না। জুডিশিয়ারি থেকে অবসরপ্রাপ্ত এবং সাবেক প্রধান বিচারপতির নিচে নন, তিনি এবং সুপ্রিম কোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি নির্বাচিত হবেন এবং তাঁরাই এই তদন্তটা করবেন অভিযোগটা ঠিক কি না। যে ভয়টা এখন কিছু কিছু মানুষের মধ্যে জাগছে যে, নির্বাহী বিভাগ বিচার বিভাগের ওপর কর্তৃত্ব করবে। এই ভুল-বোঝাবুঝিটা আমার মনে হয় শেষ হয়ে যাবে।’
একই প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মদ বলেন, এটি সংঘাতকে আরও উসকে দেবে। আরও আলোচনা করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ ও আইনজীবী ফাতেমা আনোয়ার।