বিচারপতিদের বিশেষ ভাতা দিতে সংসদে বিল
সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা দিতে আইন সংশোধনের প্রস্তাব করেছে সংসদ।
গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সুপ্রিম কোর্ট জাজেস রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট বিল-২০১৪ জাতীয় সংসদে উত্থাপন করেন। বিলটি পাস হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এ সুবিধা পাবেন।
পরে বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটি উত্থাপনের মাধ্যমে দশম জাতীয় সংসদের আইন প্রণয়নের কাজ শুরু হলো। গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয়। তবে গতকালের আগ পর্যন্ত সংসদে আইন প্রণয়নসংক্রান্ত কোনো কাজ হয়নি।
গত ২০ জানুয়ারি প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভার অনুমোদন পায়। বিচারপতিরা ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পান। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়।